নির্বাচন বানচালের ফাঁদে পা না দিতে নেতা-কর্মীদের আহ্বান গয়েশ্বরের

নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে জানিয়ে নেতা-কর্মীদের সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, জনগণ ভীতসন্ত্রস্ত হয়, এমন কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় শুক্রবার। 

এসময়, বিএনপি প্রধানের আত্মত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কত নির্যাতন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে। এর সঙ্গে যারা দায়ী তাদের সকলের বিচার করা উচিত বলে আমি মনে করি।’ 

তবে গণতন্ত্র এখনো নাগালের বাইরে বলে মন্তব্য করেন নেতারা। আগামী দিনে বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে প্রত্যাশা তাদের।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এখনো ষড়যন্ত্র চলমান  আছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা সকলে সতর্ক সজাগ থাকব, কারো পাতানো ফাঁদে বা পাতানো কথায় উত্তর দিয়ে যাতে গণতন্ত্রের ভুলণ্ঠিত না হয়।’

সব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের।