বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। জনগণের অধিকার, জবাব দিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য।’

আজ শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশে গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় ড. আব্দুল মঈন খান বলেন, ‘দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। উন্নয়নের নামে টাকা বরাদ্দ নিয়েছে, সাইনবোর্ড লাগিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনো কাজ করেনি, করেছে শুধু লুটপাট।’

মঈন খান বলেন, ‘একটি দেশের উন্নতির জন্য শুধু শহর উন্নত করলেই হবে না, গ্রামগুলোও উন্নত করতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি গ্রাম উন্নয়নে কাজ করবে।’

পথসভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতারা।