পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: রফিকুল ইসলাম খান

জুলাই সনদের বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার বিকেলে জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে জেলা জামায়াতের রুকন সম্মেলনে এ দাবি জানান তিনি।

রফিকুল ইসলাম খান বলেন, ‘আগামী সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছি। এটি বাংলাদেশের অধিকাংশ মানুষের দাবি।’

বিভিন্ন সংস্থার তথ্যের জরিপের উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের ৭২ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, দেশের মানুষ পিআর পদ্ধতি নির্বাচন চায় কি না– তা গণভোট দিয়ে জনগণের রায় নিন।’

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া প্রমুখ।

কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি মওলানা রফিকুল ইসলাম খান এ সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে আরও বলেন, ‘এ সরকার দায়িত্ব গ্রহণের সময় সকল গণহত্যা ও জুডিসিয়াল কিলিংয়ের বিচার করবে, ফ্যাসিবাদী সরকারের বিদেশে পাচার করা অর্থ ফেরৎ আনবে, এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, কিন্তু সরকার তার প্রতিশ্রুতি ভঙ্গ করে একটি দলের দিকে ঝুঁকে পরেছে।’