নির্বাচনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে এনসিপি: নাহিদ

আগামী জাতীয় নির্বাচনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। 

এসময় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে নাহিদ বলেন,  ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের কাছে সনাতন ধর্মাবলম্বীদের কোনো দাবিই পূরণ করা হয়নি। তাই রাষ্ট্রকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।’ তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহবানও জানান নাহিদ। এসময় এনসিপির কেন্দ্রীয় নেতারাসহ ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।