প্রধান উপদেষ্টার চেহারাকে অসুরের রূপ দেওয়া নিম্নরুচির পরিচয়: রিজভী

দুর্গাপূজার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখাকৃতি দিয়ে অসুর বানানো নিম্নরুচির পরিচয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। আজ শনিবার বিকেলে রাজধানীর বনানীতে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘দুর্গাপূজার সময় প্রধান উপদেষ্টার চেহারাকে অসুরের রূপ দেওয়া ভারতের নিম্নরুচির পরিচয়। এতে প্রমাণিত হয় মোদির নেতৃত্বে ভারতের রাজনীতিতে অন্ধকার যুগ শুরু হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘৫ আগস্টের পরাজিত শক্তিরা দেশে পার্শ্ববর্তী দেশের শিল্প সাহিত্যের এক্সটেনশন করতে চেয়েছিল। বিগত সময়ে পার্শ্ববর্তী দেশের বৃহত্তর শিল্পের চর্চা হিসেবে এদেশের সংস্কৃতিকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে।’ এ সময় রাজনীতিবিদদের শিল্পের চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি।

এর আগে রিজভী বলেন, ‘আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলছে। কিন্তু এদেশের জনগণ, এদেশের দেশপ্রেমিক মানুষ, এদেশের হিন্দু-মুসলমান জনগোষ্ঠী, সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে। তাই সবাই একত্রিতভাবে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গাপূজা হয়েছে।’