নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আসার আগে ওমরাহ পালনের জন্য যেতে পারেন সৌদি আরব। এরইমধ্যে তাঁর জন্য জাপান থেকে আনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি।
জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারেক রহমানের দেশের ফেরার নির্ধারিত তারিখ খুব দ্রুত আপনারা জানতে পারবেন। আশাকরি নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।’
লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে পারেন। সেখানে তাঁর সঙ্গে বিএনপির দুজন জ্যেষ্ঠ নেতা ও পরিবারের সদস্যরা থাকবেন।
স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতদিন দেশে আসতে পারেনি, তাঁর বিরুদ্ধে কিছু মিথ্যা মামলা ছিল। উচ্চতর আদালতে কিন্তু সেগুলো বাতিল হয়ে যাচ্ছে। এখন মামলাগুলো যখন বাতিল হয়ে যাচ্ছে, আমার বিশ্বাস যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরবেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘৭ নভেম্বর আমাদের জন্য একটি বিশেষ দিন, আমরাও আশাকরি এই দিবসকে কেন্দ্র করেই কোনো সিদ্ধান্ত চলে আসতে পারে। আমরা আশা করছি— নভেম্বরেই তিনি দেশে ফিরবেন।’
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যুসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া চলমান।