এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. মঈন খান

এক-এগারো বাংলাদেশে আর আসবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘এটি যদি কেউ ভাবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে।’

সোমবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, ‘বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।’

এ বিষয়ে মঈন খান আরও বলেন, ‘আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের ওপর জেল–জুলুম–নির্যাতন করে এ দেশ থেকে বিরোধীদল নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে।’

এসময় মঈন খান আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারি শাসন ব্যবস্থা চালু করেছিল, তাদের কেউ-ই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি।’

অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আজকে অন্তবর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐক্যমত নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না।’

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব বকতিয়ার উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টুসহ বিভিন্ন নেতারা।