দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না বিএনপি: আমীর খসরু

দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আমীর খসরু বলেন, ‘চারটি বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে। এর মধ্যে রয়েছে, পারস্পরিক সম্মানবোধ, স্বার্থসংশ্লিষ্ট, ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ও অভ্যন্তরীণ বিষয় কেউ হস্তক্ষেপ না করার শর্ত।’

সরকারের পাশাপাশি মানুষকে ক্ষমতায়ন করা বিএনপির লক্ষ্য জানিয়ে আমীর খসরু বলেন, ‘বিএনপির লক্ষ্য হলো দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে রাজনীতির ধারায় অন্তর্ভুক্ত করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সরকারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি।’

আমীর খসরু জানান, অর্থনীতিকে গণতান্ত্রিক কাঠামোতে পুনর্গঠন করে সকল নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করা বিএনপির লক্ষ্য। বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশকে স্বনির্ভর করার প্রতিশ্রুতিও রয়েছে বিএনপির।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘হাসিনা পরবর্তী বাংলাদেশ নির্মাণের পথরেখাই বিএনপির দেওয়া ৩১ দফা। যা হাসিনা পতনের ১ বছর আগেই দিয়েছে বিএনপি।’