বিএনপি সরকার গঠন করলে ব্যাংক ও বীমা খাতগুলোতে বড় ধরনের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মানুষ অর্থনৈতিক নিরাপত্তার জন্য বীমা করে। কিন্তু লুটপাটের কারণে গ্রাহকরা তাদের টাকা ফেরত পান না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে। তাই এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে।’
এ প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অনেক ইনস্যুরেন্স কোম্পানি ও ব্যাংক তৈরি করা হয়েছে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব প্রতিষ্ঠানের কোনো জবাবদিহি না থাকার কারণে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত সরকার এ খাতগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনবে।’