ড. ইউনূসের আমলে আইন–আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই: রিজভী 

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে আইন–আদালতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, প্লট বরাদ্দের মামলায় ২১ বছরের সাজা দিয়েছে শেখ হাসিনাকে। ড. ইউনূসের আমলে আইন–আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই, রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই। হাসিনার করা ট্রাইব্যুনালেই, আদালতেই তার বিচার হচ্ছে।

তিনি বলেন, বারবার গণতন্ত্র হত্যার সম্মুখীন হয়েছে৷ সাড়ে ১৫ বছরে যে দানবীয় কর্মকাণ্ড করেছে তার অন্যতম সহযোগী ছিল সেই দলটি (জাতীয় পার্টি)। ভণ্ডামি, মিথ্যাচারিতা দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে দীর্ঘ সময় হাসিনা ও এরশাদের আমলে। 

বিএনপির এই নেতা বলেন, নানা ধরনের পীড়নের শিকার হতে হয়েছে। বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। হাসিনার ভয়াবহতা ছিল তীব্র৷ যার কারণে বেগম জিয়া অনেক অসুস্থ। তার এই অসুস্থতা কৃত্রিমভাবে তৈরি করা। শেখ হাসিনা চক্রান্ত করে তার খাবারের মধ্য দিয়ে তাকে অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে। 

রিজভী বলেন, এরশাদ ও হাসিনার চরিত্রের মধ্যে পার্থক্য নাই। গণতন্ত্রকে হত্যা করেছে তারা একত্রে। একনায়করা আদালতের তোয়াক্কা করে না, দেশের আইন নিজেদের স্বার্থে কাজে লাগায়। যে হত্যাকাণ্ড করা হয়েছে তা বিচারহীন থাকতে পারে না। এখন সোনা পাওয়া যাচ্ছে ভল্টে শত শত কোটি টাকার।