ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শিক্ষার্থীদের মিছিলটি শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শিক্ষার্থীরা জানায়, ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে তাদের এ কর্মসূচি।
ঘটনাস্থল থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক জানান, শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের মিছিলটি আটকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, হাদির ওপর হামলাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি। এজন্য শিক্ষার্থীরা ক্ষুব্ধ। শিক্ষার্থীরা সড়কটির চতুর্দিকে অবস্থান নিয়ে আছেন। তাঁরা বলছেন, নিরাপত্তা নিয়ে কোনো গাফিলতি তাঁরা দেখতে চান না।
শিক্ষার্থীদের দাবি, আওয়ামী লীগের দোসর হিসেবে অনেকেই দলটিকে বিভিন্নভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক জানান, শিক্ষার্থীরা যাতে সচিবালয়ে প্রবেশ করতে না পারেন, এ জন্য পুলিশ ব্যারিকেড দিয়ে আছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। সাদিক কায়েমসহ ১০ জন শিক্ষার্থীর দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছেন। সাদিক কায়েম ফিরে আসার পর পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।
এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটকে দেওয়া হয়েছে সবগুলো গেট।