ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি ডাকসু ভিপির

গণঅভ্যুত্থানে হত্যাকারীদের আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি পেশ করেন তিনি।

দাবিগুলো হচ্ছে: ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও জবাবদিহির আওতায় আনা এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সামাজিক ব্যবস্থা গ্রহণ। নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান পরিচালনা এবং গণঅভ্যুত্থানে হত্যাকারীদের আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং হত্যাকারীদের ফিরিয়ে এনে ব্যবস্থা গ্রহণ।

দাবি মানা না হলে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও জানান সাদিক কায়েম।

ডাকসু ভিপি বলেন, ‘যারা দেশে ভারতের দাসত্ব কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলবে। দিল্লি থেকে দেশকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার চেষ্টা হচ্ছে। অপরাধীদের বিচার ও দিল্লির দাসত্বের বিরুদ্ধে জাতীয় ঐক্য দরকার।’

এ সময় প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) তাঁর বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

তিন দফা দাবি আদায় না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ডাকসু ভিপির সব দাবি যৌক্তিক। অবশ্যই আমরা সেগুলো দেখব। হাদির জন্য দোয়া চাই।’

এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শিক্ষার্থীদের মিছিলটি শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। মিছিলটির নেতৃত্ব দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

শিক্ষার্থীরা জানায়, ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে তাদের এ কর্মসূচি। পরে মিছিল থেকে সাদিক কায়েমসহ ১০ জন শিক্ষার্থীর একটি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন।