তারেক রহমানের আগমনে দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা হবে: মির্জা আব্বাস 

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রস্তুতির ওপর জোর দিচ্ছে দলটি। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মনোনীত ১০০ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও মির্জা আব্বাস।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণ করাই বিএনপির মূল লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে প্রার্থীদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন।’

এ সময় দিলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দলের মনোনীত অনেক প্রার্থীই নতুন। নির্বাচনী মাঠে তারা কীভাবে কাজ করবেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন কী করবেন–সে বিষয়ে দিকনির্দেশনা দিতেই এই প্রশিক্ষণ কার্যক্রম।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে স্বাগত জানাতে শুধু দল নয়, দেশের মানুষও প্রস্তুত রয়েছে। তার আগমনে দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা হবে।’

এই প্রশিক্ষণের মাধ্যমে প্রার্থীরা জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবেন এবং নির্বাচনী মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও জানান দলটির নেতারা।