রাষ্ট্রীয় শোক আজ, ওসমান হাদির জানাজা দুপুর ২টায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানা অনুষ্ঠিত হবে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এ জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে না রাখার অনুরোধ জানিয়েছে সরকার। জানাজা শেষে হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।

শরীফ ওসমান হাদি। জীবনটা যিনি কাটিয়েছেন রাজপথে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে। ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলি করা হয় হাদিকে। প্রধান অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সহযোগী মো. আলমগীরও পলাতক।

এদিকে হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানেই গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় শহীদ হাদির মরদেহ ঢাকায় পৌঁছে। সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতারা মরদেহ গ্রহণ করেন।

পরে শহীদ হাদিকে নিয়ে যাওয়া হয় জাতীয় হ্নদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সেখানেই রাখা হবে বিপ্লবী হাদির মরদেহ। শনিবার বেলা ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। সেখান থেকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হবেন সংগ্রামী শহীদ হাদি।

ওসমান হাদির চিকিৎসক ডা.আব্দুল আহাদ বলেন, জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জানাজা শেষে হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে দাফন করা হবে।