ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দীতে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে আবারও হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হবে তাঁর মরদেহ। ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে আজ।

ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়, ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এর পর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ। 

এর আগে, শুক্রবার হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনার পর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলি করা হয় হাদিকে। প্রধান অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সহযোগী মো. আলমগীরও পলাতক।