ধর্মকে পুঁজি করে বিষবাষ্প ছড়াচ্ছে একটি গোষ্ঠী: ছাত্রদল সভাপতি

একটি বিশেষ গোষ্ঠী ধর্মকে পুঁজি করে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রাকিবুল ইসলাম বলেন, ‘একটি বিশেষ গোষ্ঠী ধর্মকে পুঁজি করে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে এবং মব কালচার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। অচিরেই এই মব সন্ত্রাসের উসকানিদাতা ও অংশগ্রহণকারীদের মুখোশ উন্মোচন করা হবে।’

এর আগে দেশব্যাপী ‘মব সন্ত্রাস’ বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে ছাত্রদল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে তাঁর সাত বছরের কন্যা আয়েশা সানজুকে পুড়িয়ে মারার তীব্র নিন্দা জানান।

একই সঙ্গে দেশব্যাপী চলমান মব সন্ত্রাসের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তাঁরা।