রাজনীতি থেকে কালো টাকার আধিপত্য ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য-সহ সমন্বয়ক এবং চাঁদপুর-৫ আসনের এনসিপি মনোনীত প্রার্থী মাহবুব আলম। আজ রোববার চাঁদপুরের হাজীগঞ্জে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং তাঁর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আগ্রাসন বিরোধী এক পদযাত্রার আয়োজন করে এনসিপি। পদযাত্রাটির নেতৃত্ব দেন মাহাবুব আলম।
রোববার দুপুরে পদযাত্রাটি হাজীগঞ্জ উপজেলা সদরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ করে বিশ্বরোড পৌঁছায়। সেখানেই সমাবেশে বক্তব্য রাখেন মাহাবুব আলমসহ এনসিপি’র নেতৃবৃন্দ।
সমাবেশে মাহবুব আলম বলেন, ওসমান হাদীর স্বপ্নের যাত্রায় আগামীর রাজনীতি হবে সততার এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত। এই সমাজে যেই ট্যাবু তৈরি করে রেখেছে, শুধুমাত্র কালো টাকাধারীরাই রাজনীতি করবে, শুধু কালোটাকাধারীরা এমপি ইলেকশন করবে, বিভিন্ন জনপ্রতিনিধি পদে শুধুমাত্র (তারাই) নির্বাচন করবে- সেই ট্যাবু ভেঙ্গে দিতেই আমি এসেছি।
তিনি আরও বলেন, তরুণদের স্বপ্নের যাত্রাটা শুরু করে দিতে চাই। আমি যদি ১০ ভোট পাই, কিন্তু আপনাদের তরুণদের সেই স্বপ্নের যাত্রায়, একদিন তরুণদের সংসদে নিয়ে যাবে।
পরে সমাবেশ থেকে সরকারের কাছে ওসমান হাদি খুনিদের গ্রেফতারের দাবি জানানো হয় এবং দোয়া ও মোনাজাতে হাদীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।