লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন তিনি।
রেদোয়ান আহমেদ এলডিপির মহাসচিব ছিলেন। কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রেদোয়ান আহমেদ নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
এ বিষয়ে রেদোয়ান আহমেদ বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। বিএনপি তার শরিকদের আসন বন্টনে ছাড় দেবে, এর সাথে আমি একমত।’
এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ বিএনপির এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন জানিয়ে রেদোয়ান আহমেদ বলেন, ‘এলডিপির সিংহভাগ স্থায়ী কমিটির সদস্য ও সারাদেশে এলডিপির নেতা-কর্মীরা আমার সঙ্গে একমত পোষন করেছেন। আমি আশা করি অলি আহমেদের শুভ বুদ্ধির উদয় হবে এবং বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় একমত হবেন।’
এ বিষয়ে রেদোয়ান আহমেদ আরও বলেন, ‘অলি আহমেদ নির্বাচনে আসুক আর না আসুক আমি বিএনপির সমঝোতায় একমত হয়ে নির্বাচন করব। আমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিতে ছিলাম সেজন্য আমি আজকে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’
পদত্যাগপত্র এলডিপির চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন উল্লেখ করে রেদোয়ান আহমেদ বলেন, ‘এলডিপির অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য ও সারাদেশে দলের নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে প্রার্থীদের পক্ষে নির্বাচনে কাজ করবেন।’
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেদোয়ান আহমেদকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তার এই যোগদান ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো এবং এতে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’