বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিবিসি বাংলাকে এ সংক্রান্ত প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
প্রতিক্রিয়ায় শফিকুর রহমান জানান, তাঁর একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
জামায়াত আমির বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, অথবা কী পরিকল্পনা আছে তাঁর এবং বাস্তবায়ন কীভাবে করবেন—এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।’
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল।