তারেক রহমান দুপুরে যাবেন বাবার কবর জিয়ারতে, পরে স্মৃতিসৌধে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিও।

দলীয় সূত্র তারেক রহমানের এ কর্মসূচি জানিয়েছে। কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান বাদ জুমা বেলা দুইটার দিকে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে রওনা হবে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকাসহ দেশের মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার দলের মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরেন গুলশানে বাসায়।