তারেক রহমান ‘আসলেন, দেখলেন, জয় করলেন’: সালাহউদ্দিন 

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান এলেন, দেখলেন, জয় করে নিলেন মানুষের হৃদয়। তারেক রহমানের দেশে ফেরাকে এভাবে বর্ণনা করলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কালজয়ী রোমান সেনাপতি জুলিয়াস সিজারের ‘এলাম, দেখলাম, জয় করলাম’ শব্দত্রয়ী দুই হাজার বছর পরও নানা অভিধায় নানা রূপকে নানা বিশ্লেষণে ব্যবহৃত হয়ে আসছে। এবার তারেক রহমানকে উদ্দেশ্য করে এ তিন শব্দের ব্যবহার করলেন সালাহউদ্দিন আহমদ।

নিজেরভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির এই নেতা শুক্রবার সকালে লিখেছেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা—জনগণের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার।

তারেক রহমানের বক্তব্যের উদ্বৃতি দিয়ে সালাহউদ্দিন লিখেছেন, ‘আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য–আমার দেশের জন্য’-তারেক রহমান।

পোস্টের শেষে তারেক রহমানকে নিয়ে সালাহউদ্দিন লিখেছেন, ‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।’

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরেন গুলশানে বাসায়।