সাবেক উপদেষ্টা এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের নেপথ্যের নায়কদের একজন মাহফুজ আলম জানিয়েছেন তিনি বর্তমান এনসিপি'র (জাতীয় নাগরিক পার্টির) অংশ হতে চান না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে এনসিপি'র জোটবদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন।
রোববার রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে 'আমার রাজনৈতিক অবস্থান' শীর্ষক একটি পোস্ট করেছেন মাহফুজ আলম। পোস্টে তিনি তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পাশাপাশি তিনি জামায়াত-এনসিপি জোটের অংশ হচ্ছেন না বলেও জানিয়েছেন।
ফেসবুক পোস্টে মাজফুজ আলম বলেন, 'বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোন একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।'
নাগরিক কমিটি ও এনসিপি'র সাথে তাঁর সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, 'নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি।'
'আমার অবস্থান স্পষ্ট। নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকন্সিলিয়েশন, দায়-দরদের সমাজ সহ- অনেক কথাই আমি বলেছি। যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু, তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি,' বলে জানান মাহফুজ।
বর্তমান বাংলাদেশ 'একটা শীতল যুদ্ধে' আছে উল্লেখ করে মাহফুজ ইতিহাসের এই পর্বে কোন পক্ষে না গিয়ে নিজের 'বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়' বলে মনে করছেন তিনি। রাজনীতিতে নিজের ভবিষ্যৎ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন মাহফুজ। এ প্রসঙ্গে তিনি বলেন, বিকল্প তরুণ/ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং, আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে।