ক্ষমতায় গেলে শুধু প্রতিবন্ধী কোটা রেখে বাকি সব জায়গায় মেধা প্রাধান্য পাবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল ১০টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার শ শিক্ষার্থীদের সাথে ‘ইয়ুথ পলিসি টক’ শিরোনামের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে কোটা নিয়ে কী সিন্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা রেখে, বাকি সব ক্ষেত্রেই মেধার ভিত্তিতেই হওয়া উচিত। পাহাড় থেকে সমতল সবখানেই মেধাকে প্রাধান্য দেওয়া হবে।’
প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ অনুষ্ঠানে দেশ নিয়ে বিএনপির পরিকল্পনা সম্পর্কে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। এতে দুর্নীতি, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ নানা বিষয়ে তারেক রহমানের কাছে প্রশ্ন করেন তরুণেরা।
এ সময় জলবায়ু, পরিবেশ ও জলাবদ্ধতা নিয়ে প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘চট্টগ্রাম ঢাকাসহ সব বড় শহরে জলাবদ্ধতা আছে। এটা কাটাতে একটা কাজ করতে হবে তা হলো খাল খনন। বৃষ্টি হলে পানি জমে যায়। পানিগুলো তো কোথাও যেতে হবে। তাই দরকার খাল খনন। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব।’
এছাড়া সারাদেশে ৫ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
দুর্নীতি রোধে তারেক রহমান বলেন, ‘দুর্নীতি সহ্য করা হবে না–সরকার থেকে যদি এমন মেসেজ যায়, তাহলে দেশের অনিয়ম-দুর্নীতি ৩০ শতাংশ এমনিতেই কমে যাবে।’
অনুষ্ঠান শেষে তারেক রহমান তরুণদের উদ্দেশে বলেন, ‘হতাশ হওয়া যাবে না। আশাবাদী হলে, এই তরুণরাই আগামী বাংলাদেশ গড়ে তুলতে পারবে।’
পরে তিনি পলোগ্রাউন্ড মাঠে জনসভায় যোগ দিতে হোটেল ত্যাগ করেন।