যশোরের ঝিকরগাছায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় জামায়াতের নারী কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ নারী কর্মী আহত হয়েছেন। এসময় সন্ত্রাসীরা কর্মীদের মোবাইল ফোন ভাংচুর করে এবং তাদের কাছে থাকা ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।
আজ রোববার বিকেলে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন যশোর-২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'রোববার দুপুরে ঝিকরগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন জামায়াতের নারী কর্মীরা। এসময় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর কর্মীরা নারীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা নারীদের শ্লীলতাহানী ঘটায়। তাদের লাঞ্ছিত করে। হাতে থাকা মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে ভাংচুর করে। এমনকি ভাংচুরকৃত মোবাইল ফোন সেট, নারীদের সাথে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এরপর আবার ভোট চাইতে আসলে জীবননাশের হুমকি প্রদানও করে।'
সন্ত্রাসী হামলায় রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস, জোসনাসহ ১০ জন আহত হয়েছেন বলে জানান জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।