আজ বিকেলে রংপুরে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে পীরগঞ্জের জাফরপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।
বিকেল সাড়ে ৪টায় কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের এই নির্বাচনী সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় বিএনপি। তারেক রহমানের আগমন উপলক্ষে রংপুরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, ‘দলের চেয়ারম্যানের আগমনে রংপুর বিভাগের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে থাকা ভোটার এবং সাধারণ জনগণের মাঝে ব্যাপক উদ্দীপনা-উৎসাহ দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষে এই অঞ্চলে যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে তার আজ বহিঃপ্রকাশ ঘটবে।’
নির্বাচনী জনসভার মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। জনসভার মাঠ ঘিরে কয়েক কিলোমিটারজুড়ে লাগানো হয়েছে মাইক। জনসভা উপলক্ষে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।