পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০ এর বেশি জায়গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর, তাদের বাড়িঘরে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে। বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে।’
সারজিস লেখেন, ‘আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি।’
তিনি আরও লেখেন, ‘ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন, তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’