ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে গত রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।
বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমানের এই সাক্ষাৎ। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। শুক্রবার রাতে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।