সরকারি দল যাতে সঠিক পথে চলে সেজন্য বিরোধী দল সজাগ থাকবে: জামায়াত আমির

সরকারি দল যাতে সঠিক পথে চলে সেজন্য সব সময় বিরোধী দল সজাগ থাকবে বলে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সরকারি দল লাইনচ্যুত হলে বিরোধী দল আন্দোলন করে তাদের সঠিক রাস্তায় আনার চেষ্টা করবে বলে মন্তব্য করেন তিনি। 

শনিবার রাজধানীর ইস্কাটনে আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। সাংবাদিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা। 

এসময় জামায়াত আমির রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ঠিক রাখতে সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানান। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম ঠিক থাকলে বাকি সব ঠিক থাকে। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চোখ খোলা রাখব। আপনারাও চোখ জাগ্রত রাখবেন। আমরা এটার জন্যে লড়াই করে যাব। যদি এই অঙ্গটা প্রোপারলি ফাংশন করে (তাহলে) রাষ্ট্রের বাকি তিন সাংবিধানিক অঙ্গ সোজা চলতে বাধ্য হবে। আর এই অংশ যদি ভঙ্গুর হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, অটোমেটিক্যালি বাকি তিন অংশও ব্যর্থ হয়ে যাবে।’

অনুষ্ঠানে জামায়াতের নেতারা বলেন, দেশকে সঠিক পথে নিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজন। 

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায়, গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান জানান সাংবাদিক নেতারা।