মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা যাচ্ছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।  

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ‘মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে নিরাপদে পৌঁছেছে। বিমানবন্দর থেকে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে উনাকে জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তাঁকে জেনারেল হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাড়ে তিন ঘণ্টা ভ্রমণে কিছু অসুবিধা হয়নি। উনি নিরাপদে আছেন।’

বেলা সাড়ে ১১টায় মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়। আড়াইটা নাগাদ সিঙ্গাপুরে পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্স।

গত শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে। এর আগে গত ১১ মার্চ ইফতারির পর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।