যে সংবিধান ফ্যাসিবাদী সংবিধান, সে সংবিধান চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর সদর উপজেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যে সংবিধান ফ্যাসিবাদী সংবিধান, সে সংবিধান আমরা চাই না। একাত্তরের সংবিধান শেখ মুজিবের সংবিধান। এই সংবিধান ভারতীয় সংবিধান। এই সংবিধানের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট সরকার হয়েছিল। এই সংবিধানের কারণে জুলাই ২৪শে অসংখ্য ভাই শহীদ হয়েছে। এই সংবিধানের কারণে বিএনপি–জামায়াত নেতাকর্মীরা ঘর ছাড়া ছিল। এই সংবিধান কাউকে রক্ষা করতে পারেনি।’
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না।’
জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জামায়াতসহ ১১ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।