প্রশাসক নিয়োগ না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ না দিয়ে অনতিবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় ঈদ পরবর্তী কুশল বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘এখনতো নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসেছে, এখন কেন বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে? নিয়োগকৃত প্রশাসকদের কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা একটা দলের কাছে থাকতে পারে, তবে জনগণ একটা দলের কাছে দায়বদ্ধতা দেখতে চায় না। এর জন্য জনগণের দাবি অনুযায়ী, অনতিবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।’ 

শফিকুর রহমান আরও বলেন, ‘ঈদের সময় যাত্রীরা টিকিট কিনতে গিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতির মুখোমুখি হয়েছেন। যে আশা নিয়ে মানুষ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে যাবে, সেমাই খাবে, সেই আনন্দ এখানেই মাটি হয়ে গেছে।’

জামায়াত আমির ঈদ পরবর্তী কুশল বিনিময়ে স্থানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা-উপজেলা ও স্থানীয় নেতারা।