জুলাই গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বা দেশের অন্য কোনো গণআন্দোলনের সঙ্গে তুলনা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম। তিনি বলেছেন, এই অভ্যুত্থান ছিল রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্য নিয়ে নেওয়া একটি বড় রাজনৈতিক উদ্যোগ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানকে যেমন '৭১ এর মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা ভুল হবে, তেমনি জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের অন্যসকল অভ্যুত্থান আর গণ আন্দোলনের সাথে তুলনা করার ভুল করা উচিত নয়।’
মাহফুজ আলমের মতে, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার দ্বিতীয় একটি প্রচেষ্টা। সেই চেষ্টা সফল না ব্যর্থ — তা মূল্যায়নের সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
মাহফুজ আরও বলেন, এই অভ্যুত্থানের একদফা দাবিতে রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব ছিল। তাঁর মতে, এত বিস্তৃত রাষ্ট্রকল্প ও ফ্যাসিবাদবিরোধী ধারণা দেশের অন্য কোনো অভ্যুত্থান বা গণআন্দোলনে দেখা যায়নি।
মাহফুজ আলম উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের দীর্ঘ গণতান্ত্রিক ও সাংস্কৃতিক সব আন্দোলন থেকেই অনুপ্রেরণা নিয়েছে।
একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বাঙালির দীর্ঘ উপনিবেশবিরোধী সংগ্রামের চূড়ান্ত অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পূর্ব পাকিস্তান আন্দোলনের রাজনৈতিক নেতৃত্ব ও কর্মীরাই শেষ পর্যন্ত পাকিস্তানের উপনিবেশবাদী সামরিক শাসন ও সামন্তবাদী শক্তিকে পরাজিত করেছিলেন। তাই দেশের ইতিহাসের বিভিন্ন ঘটনাকে চলমান সংগ্রামের অংশ হিসেবে দেখার আহ্বান জানান মাহফুজ।
স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্ব অনন্য বলেও মন্তব্য করেন মাহফুজ আলম।