সরকারের বিরুদ্ধে মব তৈরি করা হচ্ছে: রুহুল কবির রিজভী

সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে মব কালচার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ডিজিটাল বট বাহিনী দিয়ে এই কাজ করছে একটি বিশেষ রাজনৈতিক দল। সরকারকে যারা বেকায়দায় ফেলতে চায় তাদের কেউ রক্ষা পাবেন না। কুচক্রীরা সফল হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সবই চরম হুমকির মুখে পড়বে। 

পানির নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, এই ব্যারেজ হলে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। একই সঙ্গে নদীগুলো আবার জেগে উঠবে এবং মৎস্য ও কৃষি চাষে বিপ্লব ঘটবে। 

২৪-এর জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আশ্বাস দেন, শহীদ রিক্সা শ্রমিকদের পরিবারকে সরকারিভাবে ভাতা দেওয়া হবে। শহীদ শ্রমিকদের সন্তানদের পড়াশোনার দায়িত্বও নেবে বিএনপি।