ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। সমাবেশে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা।
আজ সোমবার সকালে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
এ সময় তিনি বলেন, দেশে এখনও বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান এবং ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনও সম্পন্ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান।
হামিদুর রহমান আজাদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেবে।
পররাষ্ট্রনীতি নিয়েও সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে হত্যা অব্যাহত রয়েছে, পাশাপাশি প্রতিবেশী দেশ অস্ত্র মজুত ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও সরকার এ বিষয়ে কার্যকর অবস্থান নিচ্ছে না।
এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য।