স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই, যে আন্দোলন করেছেন। তা আজ সফল হতে চলেছে। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক আমরা বাস্তবায়ন করব। যার মধ্য দিয়ে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে।’
শনিবার বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে আলোকিত লালমনিরহাটের গণজাগরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সয়েছি, অনেক প্রাণ দিয়েছি, জেল খেটেছি। তবু মাথা নোয়াইনি। খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন করে একটা বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ বিনির্মাণের সেই আন্দোলন আজ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আলোকিত লালমনিরহাট গড়ার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাজিত হয়েছে। মাদকের আগ্রাসনে যুবকরা তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। তা আমরা হতে দিতে পারি না। আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা মাদককে না বলবেন, যৌতুককে না বলবেন, জুয়াকে না বলবেন। আপনাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবেন।’
তিনি আরও বলেন, ‘মাদকসহ এ সামাজিক অপরাধ দমন করতে পারি। তাহলে নিশ্চই আমরা সমৃদ্ধিশালী দেশ গড়তে পারব ইনশাআল্লাহ।’
সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনের বেতন–ভাতা প্রদানসহ অনেক কর্মসূচি শুরু হয়েছে। সব মিলে আমরা একটা অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। লালমনিরহাটে যে সামাজিক অপরাধ দমনের আন্দোলন শুরু হলো তা গোটা দেশে ছড়িয়ে পড়ুক।’