অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার রাজধানীর কাকরাইলের আইডিইবি মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সেমিনার এ কথা বলেন।
‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শিরোনামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জামায়াত আমির বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এই জাতি কষ্টে ছিল। অসংখ্য মানুষ গুম-খুনের শিকার হয়েছে। এই দেশের বাইরে থাকতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। আগে জারা মজলুম ছিল এখন অনেকে জালিম হওয়ার পথে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে অনেক নাটকের পর নির্বাচন হয়েছে। নির্বাচনের পর বলা হল নির্বাচনের জন্য তারা অনেক কিছু মেনে নিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘জনগণকে তারা মূর্খ বলতে চাচ্ছে। তারা বলে জনগণ না বুঝেই গণভোটে রায় দিয়েছে। ১৭ বছর তারাও মজলুম ছিল। কিন্তু অনেকেই জেলে যায়নি, তারা শহীদ পরিবারের হাহাকার বুঝবে না।’
অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, ‘নির্বাচন সরকার সবকিছুই জনগণের জন্য। অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমরা নির্বাচনের পর আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইনি। নির্বাচন মেনে নিলেও আমরা গণভোটের রায় নিয়ে বিন্দুমাত্র ছাড় দেব না।’