আগামীতে শাসক আর শোষিতের মধ্যে লড়াই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার নাটোরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এ কথা বলেন।
বিকেল সাড়ে ৫টার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, আগামীতে আমাদের যে লড়াই এ লড়াই মার্কার লড়াই হবে না। এ লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই হবে এ লড়াইটা দলের লড়াই হবে না। এই লড়াই হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই হবে এ লড়াই পুরাতন বন্দবস্তের লড়াই হবে না। সেই লড়াইটা হবে শাসক আর শোষিতের মধ্যে লড়াই।
এ প্রসঙ্গে সারজিস আরও বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই সময় কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পেছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে। তাদেরকে চিরতরে বয়কট করে বিপরিতে ভালো পক্ষটাকে আমাদের বেছে নিতে হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।