জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশে এখনও অনেক মুজিবপ্রেমী টকশো আলোচক আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি শেখ হাসিনা তাদের আপা আসবে, আপা কোথায় আসবে, আপাতো হেলিকপ্টার নিয়ে চলে গেছে, আপা ফিরে আসার আর কোনো জায়গা নাই বাংলাদেশে।’
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির সমাবেশে সোমবার বিকেলে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘তিনি যেখানেই নামবেন, সেখানেই জনগণ তাকে ধরে ফাঁসি কার্যকর করবে। বাংলাদেশের হাজারো জায়গায় সেই প্রস্তুতি রয়েছে। আমরা যেমন কোরবানিতে গরু জবাই করি, তেমনি শেখ হাসিনার জন্যও সেই প্রস্তুতি রাখা হয়েছে। তিনি যেখানেই নামবেন, সঙ্গে সঙ্গেই তার ফাঁসি কার্যকর করা হবে। এক সেকেন্ডও দেরি করা হবে না।’
সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয়েও বক্তব্য দেন এবং এনসিপির কর্মসূচি সফল করার আহ্বান জানান।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কিশোরগঞ্জ এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
তাড়াইলের সমাবেশের পরে রাতে এনসিপি করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদরে সমাবেশ করেছে।