হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের নামে ছিনতাইয়ের মামলা হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ ক্ষোভ জানান তিনি।
গত মঙ্গলবার হবিগঞ্জে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন সারজিসসহ কেন্দ্রীয় নেতারা। স্থানীয় নেতারাও এতে অংশ নেন। ওই কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তাদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সারজিসসহ কয়েকজন নেতার নামে হবিগঞ্জ সদর থানায় ছাত্রদল ছিনতাইয়ের অভিযোগ দিয়েছে।
ওই প্রসঙ্গে সারজিস লিখেছেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাংচুরের মামলা দিয়েছিলো! গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!’
তিনি আরও লিখেছেন, ‘সেই পুরনো অভ্যাস ! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! Be a little dignified, please!’