প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন, কোনোভাবে পরাজিত শক্তির যদি উত্থান হয়, তাহলে কেউ কিন্তু স্থির থাকতে পারবেন না। কেউ নিরাপদ থাকতে পারবেন না। যে পরিকল্পিত সন্ত্রাসের আবহ তৈরি করে, একটি বাতাবরণ তৈরি করে আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, সেই ঘোলা পানিতে মাছ শিকার করতে পরবেন না। বরং ঘোলা পানির মধ্যে আপনারাও পড়ে যাবেন।
শুক্রবার সন্ধ্যায় নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগীত সন্ধায় তিনি এসব কথা বলেন।
বিএনপি তার প্রতিশ্রুতি অনুসারে কাজ করছে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, কলঙ্ক ও মিথ্যা কথার পরিবেশ তৈরি করবেন না। এতে আপনারা হয়তো মনে করছেন বিএনপির ক্ষতি করছেন। কিন্তু আপনারা প্রকারন্তে নিজেরাই নিজেদের গর্ত তৈরি করছেন, তা আপনারা টের পাচ্ছেন না।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী সতর্ক করে বলেন, বিপদ কিন্তু বিএনপির হবে না। বিপদ আপনাদের দিকেও ভয়াবহভাবে ধেয়ে আসতে পারে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– জাতীয় সংসদের হুইপ নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ নেতাকর্মীরা।