সরকার জনপ্রিয়তা হারিয়েছে: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনপ্রিয়তা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিটিএফ) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে আয়োজিত আলোকচিত্রী প্রদর্শনী শেষে তিনি এ কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জনপ্রিয়তা হারিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। এই সরকারের একটি স্বৈরাচার হওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও একাধিকবার তারা সেই চেষ্টা করেছে। তবে জনগণের আন্দোলনের মুখে তারা ব্যার্থ হয়েছে। 

দ্রুততম সময়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন এনপিসি আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, আমাদের হ্যাঁ ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ২টা ভোটে অংশগ্রহণ করলেও গণভোটের রায় উপেক্ষা করেছে বর্তমান সরকার। তারা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিচালনা না করে সব জায়গায় দলীয়করণ করছে। 

এ প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমনটা হয়েছে। আওয়ামী লীগকে ভারত সরকার সহোযোগিতা করছে। সরকারের উচিত ছিল ভারতীয় হাইকমিশনারকে ডেকে এর কারণ জানতে চাওয়া। 

আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণভ্যুত্থানের ২ বছর। জুলাই অভ্যুত্থান নিয়ে যেই আলোকচিত্র প্রদর্শনী তা দেখেছি। জুলাই আসলে শেষ হয়নি। আলোকচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা রাষ্ট্র সংস্কার তা বাস্তবায়ন হয়নি।