গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির পৃথিবীর ইতিহাসে নেই: গোলাম পরওয়ার

গণভোটের রায় প্রত্যাখ্যান করার নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে বৃহস্পতিবার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার জোরে কখনোই জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। মেজরিটির শক্তি প্রয়োগ করে সবকিছু করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।’

এ সময় গোলাম পরওয়ার জানান, ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে। তবে হাজার হাজার মানুষের অংশগ্রহণের কারণে সময়সূচি কিংবা চলাচলে ছোটখাটো ব্যতিক্রম ঘটতে পারে বলেও উল্লেখ করেন তিনি। 

কর্মসূচিতে কেউ ইচ্ছাকৃতভাবে বাধা দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পরিকল্পনা থাকলে তা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, সিভিল সোসাইটি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সহযোগিতা কামনা করেন।