গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ করে কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপি আয়োজিত ‘এসআরবি, গুম ও সাইবার আইন: মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক আলোচনা সভায় এসব অভিযোগ করেন তারা।
আইনি কাঠামোর মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে আইন করে নাগরিকদের আরও সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা নাগরিক ও গণমাধ্যমের দায়িত্ব হলেও সমালোচনা করলেই আইন দিয়ে আটকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশন নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে, তাই এর মাধ্যমে সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।