জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তাঁর অভিযোগ, লংমার্চের নামে সড়ক বন্ধ করে জনভোগান্তি তৈরি এবং জ্বালানি অপচয় করা হচ্ছে। তবে ভিন্নমতের প্রতি সম্মান দেখিয়েই জামায়াতের কর্মসূচিতে সহযোগিতা করবে সরকার।
আজ শুক্রবার রংপুরে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ ও গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, জামায়াতের লং মার্চের সব দাবি সরকার বাস্তবায়ন করলেও কর্মসূচিটি অযৌক্তিক ও জনভোগান্তির।
জামায়াতের লংমার্চের কারণে সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন রাশেদ খান। এ সময় তিনি বলেন, বর্তমানে মানুষ সরকারি হাসপাতালমুখী হচ্ছেন, কারণ সেখানে চিকিৎসাসেবা আগের তুলনায় ভালো হচ্ছে। হাসপাতালগুলোর সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রাশেদ খান। সেখানে আবু সাঈদ ফাউন্ডেশন ও একটি মাদ্রাসা পরিদর্শনের কথা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানসহ অন্যরা।