জনকল্যাণের স্বার্থেই আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটছেন প্রধানমন্ত্রী: রিজভী

জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশের সরকারপ্রধান জনগণের কল্যাণের স্বার্থেই আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন। শুধু সরকারের একার দায়িত্ব নয়, দেশকে এগিয়ে নিতে হলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দরকার।

তিনি বলেন, দেশের সকল ধরনের সংকট নিরসনে কাজ করছে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সঠিকভাবে কাজ করলেই দেশ এগিয়ে যাবে।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছরের দেশের উন্নয়নে সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা।