কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারে থাকার সময় দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জনগণের শক্তিকে উপেক্ষা করে আওয়ামী লীগ এ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল, তাই তাদের পালিয়ে যেতে হয়েছে। এ দেশকে আর কখনো কারও কাছে বিক্রি করতে দেওয়া হবে না।
তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের মধ্যদিয়ে জনগণের দাবি অনুযায়ী দেশে আইনের শাসন নিশ্চিত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ স্বৈরাচার শেখ হাসিনার আমলের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।