পলাতকরা ভারতে বসে দেশকে অস্থিতিশীলের ষড়যন্ত্র করছে: রিজভী

পলাতক শক্তি ও আওয়ামী লীগের নেতারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে উসকানি ও নাশকতার নির্দেশ দিয়ে কোনো লাভ হবে না।’ 

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। 

নাশকতা ও সহিংসতার বিষয়ে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থানরত নেতাদের নির্দেশে দেশের ভেতরে কিছু লোক দিয়ে পুলিশ ও বিএনপি নেতাদের গাড়িতে বোমা হামলা, ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে।’ 

রুহুল কবির রিজভী সতর্ক করে বলেন, ‘ধৈর্যেরও একটি সীমা রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘অতীতে দুর্নীতি ও লুটপাটের প্রসঙ্গ বিগত সরকারের আমলে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়া হয়েছিল। সেই পুরোনো নিয়ন্ত্রণ ও শাসন ফিরিয়ে আনতেই বর্তমানে বোমাবাজি করা হচ্ছে।’