দণ্ডিত পলাতক আসামি তারেক রহমান ভিডিও কনফারেন্সে নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি-না, সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে এই প্রশ্ন রাখেন তিনি। এসময় তিনি জানান, আগামী ৪-৫ দিনে জোটগতভাবে প্রার্থী তালিকা দিচ্ছে আওয়ামী লীগ। চূড়ান্ত হয়েছে দলীয় মনোনয়নও।
সমসাময়িক কিছু বিষয়ে কথা বলতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসময় নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলের সবশেষ অবস্থা তুলে ধরেন তিনি। জানান, জোটগতভাবে চূড়ান্ত প্রার্থী দেয়া হচ্ছে, এক্ষেত্রে শরিকরা পাচ্ছে ৬৫ থেকে ৭০টি আসন।
আর প্রার্থী চূড়ান্তে জরিপে এগিয়া থাকা ব্যক্তিরাই আওয়ামী লীগ ও মহাজোটের মনোনয়ন পাচ্ছেন বলে আবারও জানান ওবায়দুল কাদের। পাশাপাশি কথা বলেন, প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার ঐক্যফ্রন্টের হয়ে ভোটে লড়াতে চাওয়ার আগ্রহের বিষয়ে।
ভিডিও কনফারেন্সে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার তারেক রহমান নিতে পারেন কি-না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন ওবায়দুল কাদের।
এছাড়া শিগগিরই আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার দেয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
//এমআর//