বিএনপিকে ঘুরে দাঁড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার পরামর্শ বিশ্লেষকদের

প্রতিষ্ঠার ৪২ বছরে বিএনপি। ১৯৭৮ সালের এই দিনে দল গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর দীর্ঘ ৪১ বছরে একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে দলটি। তবে প্রতিষ্ঠার পর এখন রয়েছে সবচেয়ে দুঃসময়ে। ঘুরে দাঁড়াতে দলটিকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।

শুরুতে উনিশ দফা কর্মসূচি, পরে গণতান্ত্রিক দল বা জাগদল গঠন। এরপর নতুন জোট জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক কাঠামো। দেশের ডান ও বাম ঘরানার পেশাজীবী ও বুদ্ধিজীবীদের রাজনীতিতে নিয়ে আসেন সৃষ্টি করেন তরুণ নেতৃত্ব।

১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হলে বিএনপির হাল ধরেন খালেদা জিয়া। তার নেতৃত্বে তিনবার সরকার গঠন করে বিএনপি। তবে দশম সংসদ নির্বাচন বর্জন ও একাদশ সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ে এখন কোণঠাসা দলটি। দুর্নীতি মামলায় কারাগারে চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘুরে দাঁড়াতে হলে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করতে হবে বিএনপির। তবে সুষ্ঠু নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি আবারও সরকার গঠন করবে বলেও প্রত্যাশা দলটির নেতাদের।

/এসআইএস/