কুমিল্লায় শেষ মুহূর্তে প্রার্থীদের কাদা ছোড়াছুড়ি

কুমিল্লা সিটির নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। এটি কর্পোরেশনের তৃতীয় ভোট উৎসব। নেতা-কর্মীদের প্রচার আর স্লোগান ভাসছে বাতাসে। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে যেতে ঘাম ঝরাচ্ছেন প্রার্থীরা। আর তাতেই নির্বাচনী প্রচারের শেষ মুহুর্তের উত্তাপে বেড়েছে প্রার্থীদের কাদা ছোড়াছুড়ি।

স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাককু মেয়র থাকাকালীন দুর্নীতি করেছেন, এমন দাবি আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের। জবাবে সাবেক দুই বারের মেয়র মনিরুল হক বলছেন, দুর্নীতি হয়ে থাকলে প্রমান দিতে। ভোটের দিন বহিরাগতদের জড়ো করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তার।

শনিবার সকালে নির্বাচনী প্রচারের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন নৌকার মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি দাবি করেন, প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাককু মেয়র থাকাকালে দুর্নীতি করেছেন। নৌকার জয় হলে এসব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দেন তিনি।

এদিকে সকাল সাড়ে দশটার দিকে নগরীর রানী বাজার এলাকায় গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাককু। নির্বাচনের দিন আশেপাশের এলাকা থেকে লোক জড়ো করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এসময় নিজের বিরুদ্ধে সব দুর্নীতির অভিযোগ নাকচ করেন তিনি।

অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ৯ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। কুমিল্লা সিটিকে যানজট মুক্ত করার অঙ্গিকার গুরুত্ব পেয়েছে ইশতেহারে।

আগামী ১৩ জুন শেষ হচ্ছে সিটির নির্বাচনী প্রচার। ১৫ জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ১০৫টি কেন্দ্রে ইভিএমে হবে ভোট। এবার সব কেন্দ্রেই থাকছে সিসিটিভি ক্যামেরা।

/জে পি/